স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।

কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শফিক আদনান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি এডভোকেট মো. আবুবাক্কার সিদ্দিক মিলন, সংগঠনের যুগ্মসাধারণ সম্পাদক সাজন আহম্মেদ পাপন, অর্থ সম্পাদক আতা মোহাম্মদ উবায়েদ, দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর শাহ্ বাদশাহ্ প্রমুখ আলোচনায় অংশ নেন।

কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিনের সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে একাত্তরের গণহত্যা এবং মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম এমপি ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নিরস্ত্র বাঙালির ওপর পরিচালিত বর্বরতা ও ‘অপারেশন সার্চলাইট’ এর ভয়াবহতা তুলে ধরে বলেন, গণহত্যা দিবসসহ দেশের জন্য যারা জীবন দিয়েছেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে, তাদের অবদানকে আমরা চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবো।

আলোচনা সভায় সংগঠনের সদস্য সাংবাদিক ও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।