কুষ্টিয়া সংবাদদাতা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া জেলার বিভিন্ন সংসদীয় আসনে বিএনপির সাংগঠনিক শক্তি ও ঐক্য আরও সুদৃঢ় করতে সক্রিয় ভূমিকা পালন করছে কুষ্টিয়া জেলা বিএনপি।

এর অংশ হিসেবে কুষ্টিয়া-৪ (কুমারখালি–খোকসা) এবং কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ রাজনৈতিক তৎপরতা ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের তত্ত্বাবধানে কুষ্টিয়া-৪ আসনে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলীয় প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি এবং নুরুল ইসলাম আনসার পরামানিক অংশগ্রহণ করেন।

বৈঠকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য, মাঠপর্যায়ের সংগঠন শক্তিশালীকরণ এবং নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া একইভাবে জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্ব ও সমন্বয়ে কুষ্টিয়া-২ (মিরপুর–ভেড়ামারা) আসনেও নির্বাচনী প্রস্তুতি জোরদার করা হয়। এ সময় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঐক্য প্রকাশ করেন।

নেতারা বলেন, দলের স্বার্থে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রতিটি নেতাকর্মীকে মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান তারা।

বৈঠক ও রাজনৈতিক তৎপরতা শেষে নেতারা আশাবাদ ব্যক্ত করেন, কুষ্টিয়া জেলার সকল আসনে জেলা বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দল কাঙ্ক্ষিত সফলতা অর্জন করবে।