স্টাফ রি‌পোর্টার: কি‌শোরগ‌ঞ্জে ব্যাটা‌রিচা‌লিত অ‌টো‌রিকশার ধাক্কায় গুরুতর আহত হ‌য়ে মো. রাকিব (১৭) নামে ১০ম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকাল ৫টার দি‌কে কি‌শোরগঞ্জ সদর উপ‌জেলার নীলগঞ্জ রেল স্টেশন ঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মো. রাকিব কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের হাজিরগল গ্রামের মো. সওদাগরের ছেলে এবং নীলগঞ্জ হাজী মোমতাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্র জানায়, রাকিব তার নানার বাড়ি চৌধুরীহাটি থেকে বা‌ড়ি‌তে ফির‌ছি‌লো। পথে বাড়ির নিকটবর্তী নীলগঞ্জ রেল স্টেশন ঘাট এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বেপরোয়া অটোরিকশা তাকে ধাক্কা দেয়।

এতে রা‌কিব রাস্তার পাশে থাকা একটি বাড়ির টিনের বাউন্ডারিতে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনা‌নেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা ইয়াকুব আলী জানান, রাকিবের বাবা একজন কলের মিস্ত্রি এবং তি‌নি দীর্ঘদিন ধরে অসুস্থ। তার তিন সন্তানের মধ্যে রাকিব ছিল বড়। পরিবারের আর্থিক কষ্টের কারণে মাঝে মাঝে সে নিজেও অটোরিকশা চালিয়ে সংসারে সহযোগিতা করতো।

দুর্ঘটনার পর অটোরিকশাটি আটক রাখা হয়েছে। চালকের বাড়ি তাড়াইল উপজেলার খরমশি গ্রামে।

বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হয়েছে। তারা শনিবার (২৮ মার্চ) ঘটনাস্থলে এসে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন। সমাধান না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইয়াকুব আলী।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।