স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের বিসিক শিল্প নগরীর নির্মাণাধীন একটি গেইট ধসে পড়ে মো. রাসেল মিয়া (২৫) নামে এক রডমিস্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসান মিয়া (২২), স্বপন (৩৫) ও মো. রানা (২৬) নামে আরও তিনজন শ্রমিক আহত হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিসিক শিল্প নগরীর মূল গেইটে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মো. রাসেল মিয়া সদর উপজেলার স্বল্পমারিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে।

এছাড়া আহতদের মধ্যে হাসান মিয়া স্বল্পমারিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে, আলী স্বপন মারিয়া গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে এবং মো. রানা করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়নের মাটিকাটা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল্লাহ খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিসিক শিল্প নগরীর মূল গেইটের নির্মাণকাজে ২০ জন শ্রমিক কাজ করছিলো। রবিবার (২৬ এপ্রিল) বিকালে বৃষ্টির পর গেইটের ছাদ ঢালাইয়ের সময় সেন্টারিং লোড নিতে না পেরে হঠাৎ ধসে পড়ে। এতে রাসেল মিয়া ছাড়াও আরও তিনজন গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মিয়া মারা যায়। এছাড়া আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।