স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জ জেলা শহরের উকিলপাড়া এলাকার নিউ আদর্শ নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ২০ পারা কোরআনে হাফেজ আরিয়ান ইসলাম সাজিদ (৯) দুইদিন ধরে নিখোঁজ রয়েছে। শুক্রবার (১ মে) সকাল ৮টার দিকে মাদ্রাসা থেকে বের হয়ে পার্শ্ববর্তী বনানী মোড়ে নানার বাড়িতে যাওয়ার সময় সে নিখোঁজ হয়।
পরিবারের লোকজন তার কোনো সন্ধান না পেয়ে শনিবার (২ মে) কিশোরগঞ্জ সদর থানায় জিডি (নং-৮১) করেছেন।
নিখোঁজ আরিয়ান ইসলাম সাজিদ কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের বাদে শোলাকিয়া গ্রামের মো. খাইরুল ইসলামের ছেলে।
মো. খাইরুল ইসলাম জানান, গত এক বছর যাবৎ তার ছেলে আরিয়ান ইসলাম সাজিদ জেলা শহরের উকিলপাড়া এলাকার নিউ আদর্শ নূরানী মাদ্রাসার হেফজখানায় পড়াশোনা করে আসছে। সে ইতোমধ্যে ২০ পারা কোরআন হেফজ করেছে। তার নানার বাড়ি পার্শ্ববর্তী বনানী মোড় এলাকায়। সেখানে সে নিয়মিত যাতায়াত করতো। এছাড়া প্রতি শুক্রবার সকালে সেখানে গিয়ে জুমআর নামাজের পর মাদ্রাসায় ফিরে যেতো।
নিয়মিত এই যাতায়াতের মতো শুক্রবার (১ মে) সকাল ৮টার দিকে সে বনানী মোড় যাওয়ার যাওয়ার জন্য মাদ্রাসা থেকে বের হয়। কিন্তু ওইদিন দুপুর পর্যন্ত সে আর নানার বাসায় যায়নি। দুপুরের খাবার দিতে গিয়ে পরিবারের লোকজন বিষয়টি জানতে পারে।
পরে তাকে সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোজাখুঁজি করা হলেও তার আর কোনো খোঁজ মিলেনি। এ পরিস্থিতিতে শনিবার (২ মে) দুপুরে কিশোরগঞ্জ সদর থানায় তার পিতা মো. খাইরুল ইসলাম নিখোজ সংক্রান্ত জিডি করেন।
নিখোঁজ আরিয়ান ইসলাম সাজিদের বয়স ৯ বছর। তার গায়ের রঙ শ্যামলা ও মুখমণ্ডল লম্বাকার। উচ্চতা ৪ ফুট ১ ইঞ্চি। মাদ্রাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিলো বাদামী রঙের পাঞ্জাবি ও বাদামী রঙের পায়জামা।
কোনো সহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে তার পিতার মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। মোবাইল নম্বর: ০১৯৪৪ ৮৫৭১০৫ (মো. খাইরুল ইসলাম)।