আমিনুল ইসলাম বাবুল: দুর্নীতি দমন ও প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যক্রম আরও শক্তিশালী করতে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ মে) দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয় কিশোরগঞ্জের আয়োজনে গুরুদয়াল সরকারি কলেজ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের ঢাকা বিভাগের পরিচালক মো. মাসুদুর রহমান।
তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনের মূল উদ্দেশ্য হলো সমাজের সর্বস্তরে সততা, ন্যায়নীতি ও জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করা। কেবল আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতি নির্মূল সম্ভব নয়, এ জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সিদ্দিক উল্লাহ বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি সৎ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠনের উদ্দেশ্য, দায়িত্ব ও কর্তব্য এবং এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন ও প্রশাসনের ভূমিকাসহ
দুর্নীতি প্রতিরোধে তথ্য অধিকার আইন, ২০০৯ এর গুরুত্ব তুলে ধরে দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয় কিশোরগঞ্জের উপপরিচালক মো. ইকবাল হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সততা স্টোর ও সততা সংঘ গঠনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে নৈতিকতা ও দেশপ্রেম জাগ্রত করা সম্ভব।
সততা সংঘ এবং সততা ষ্টোর গঠনের উদ্দেশ্যে ও লক্ষ্য এবং স্কুল কর্তৃপক্ষ/শিক্ষক, প্রশাসন ও প্রতিরোধ কমিটির ভূমিকা শীর্ষক বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলা কার্যালয় কিশোরগঞ্জের সহকারী পরিচালক ইসতেহাদ আহমেদ।
কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ডা. মো. এহসানুল হক মুকুল ও সাধারণ সম্পাদক হাজী মো. শাহাব উদ্দিন ভূইয়া।
কর্মশালায় কিশোরগঞ্জ জেলার সকল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা অংশ নেন।
উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর শেষে অংশগ্রহণকারী দুপ্রকের সকলকে সনদ প্রদান করা হয়।