স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কিশোরগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেছেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। সোমবার (১১ মে) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের কাচারিবাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে তিনি ট্রাকসেল কার্যক্রম উদ্বোধন করেন।
কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফের সঞ্চালনায় এ সময় স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মো. ইশতিয়াক ইমন এবং টিসিবি ডিলারগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক সোহানা নাসরিন তার বক্তব্যে বলেন, আজ থেকে কিশোরগঞ্জ সদর উপজেলায় টিসিবি’র ট্রাকসেল কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন ১০টি পয়েন্টে মোট ৪০০০ জনের মাঝে টিসিবি পণ্য বিক্রি করা হবে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন উপজেলাতেও ট্রাকসেলের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করা হবে, যাতে সাধারণ মানুষ সহজে ন্যায্যমূল্যে প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারেন।
জেলা প্রশাসক টিসিবি ডিলারদের সতর্ক করে বলেন, স্বচ্ছতার সাথে পণ্য বিক্রি করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের লাইসেন্স বাতিল করা হবে।
সংশ্লিষ্টরা জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ট্রাকসেলের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছে। এ বিশেষ কার্যক্রমে ৪৮০ টাকার প্যাকেজের মাধ্যমে ক্রেতাদের মাঝে ২ কেজি সয়াবিন তেল, ২ কেজি ডাল এবং ১ কেজি সাদা চিনি বিক্রি করা হচ্ছে।
উদ্বোধনের পর থেকেই ট্রাকসেলের সামনে ক্রেতাদের দীর্ঘ সারি দেখা যায়। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ও দিনমজুর শ্রেণির মানুষ কম মূল্যে পণ্য কিনতে ট্রাকের সামনে ভিড় করেন।