স্টাফ রিপোর্টার: ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে কিশোরগঞ্জে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে শহরের আখড়াবাজার ব্রিজ এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় পৌরসভার উদ্যোগে ফগার মেশিন ও স্প্রে ব্যবহার করে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।
জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, কিশোরগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম এবং জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা জানান, প্রতি শনিবার ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিতভাবে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতিটি ওয়ার্ডে যেন এই কার্যক্রম পরিচালনা করা হয় সেজন্য পৌরসভাকে অনুরোধ করা হয়েছে।
পাশাপাশি মশার বংশবিস্তার রোধে বাসাবাড়ির আশপাশে কোথাও যাতে পানি জমে না থাকে সে বিষয়ে নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানান জেলা প্রশাসক।