আমিনুল ইসলাম বাবুল: ঔষধ কোম্পানি প্রতিনিধিদের পেশার মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জের তাড়াইলে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে তাড়াইল উপজেলা ‘ফারিয়া’র (ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন) আয়োজনে বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিগণ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘অধিকার আদায়ে আমরা সবাই এক সাথে’। মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ দালাল নয়, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এদেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী। আমরা সবসময় মানুষের পাশে থেকে সেবা করতে চাই। কিন্তু আমাদের কাজকে ভুল ব্যাখ্যা দিয়ে সম্মানহানি করা হচ্ছে।
তারা বলেন, প্রতিনিধিদের পেশাগত মর্যাদা ক্ষুন্ন করা হলে বা কাজে বাধা দেওয়া হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তুলতে তারা বাধ্য হবেন।
বক্তারা আরও বলেন, রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবা খাতের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করছেন। অথচ কর্মক্ষেত্রে প্রায়ই তাদের হেনস্তার শিকার হতে হয়। তাই অবিলম্বে প্রতিনিধিদের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান তারা।
মানববন্ধনে উপজেলায় কর্মরত বিভিন্ন ঔষধ কোম্পানির অর্ধ-শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।