সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অষ্টগ্রামে ভাঙনকবলিত গ্রাম ও সড়ক রক্ষায় এমপি ফজলুর রহমানের উদ্যোগে ড্রেজিং শুরু ধনু নদীতে পড়ে শিশু নিখোঁজ অষ্টগ্রামে বজ্রপাতে মারা গেলেন স্বামী, স্ত্রী-ও আহত রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় করিমগঞ্জের যুবক নিহত, পরিবারে মাতম শিশু রামিসাসহ সকল ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় কিশোরগঞ্জ সদরে রবীন্দ্রসঙ্গীতে প্রথম হয়েছে সামিহা তাবাসসুম দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে কিশোরগঞ্জে দুদকের প্রশিক্ষণ কর্মশালা স্বাস্থ্যসেবায় নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই যুবক আটক, মোবাইল কোর্টে জেল-জরিমানা রসে টইটুম্বুর মঙ্গলবাড়ীয়ার লিচু

রসে টইটুম্বুর মঙ্গলবাড়ীয়ার লিচু

  • আপডেট সময় : রবিবার, ১৭ মে, ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি: রসে টইটুম্বুর। স্বাদে-গন্ধে অতুলনীয়। আকারে বড় অথচ বীচি ছোট। ঠিক যেন রসগোল্লা। সিঁদুরে লাল এই লিচুতে রঙিন এখন মঙ্গলবাড়ীয়া গ্রাম। এ লিচুর নাম মুখে আসলেই জিভে পানি এসে যায়।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকার পূর্ব-দক্ষিণে অবস্থিত ছোট্ট গ্রাম মঙ্গলবাড়ীয়ার নামেই লিচুর নাম হয়েছে ‘মঙ্গলবাড়িয়ার লিচু’।

বৈশাখের শেষ দিকে পাকতে শুরু করে মঙ্গলবাড়ীয়ার লিচু। বাজারে অনেক জাতের লিচু উঠলেও লোকজনের চোখ থাকে মঙ্গলবাড়ীয়ার লিচুর দিকে। রসালো, সুমিষ্ট, সুন্দর গন্ধ ও গাঢ় লাল রঙের বৈশিষ্ট্যের কারণে মঙ্গলবাড়ীয়ার লিচুর খ্যাতি দেশজুড়ে।

অনুকূল আবহাওয়ায় এবার এ লিচুর বাম্পার ফলন হয়েছে। তাই ক্রেতা-বিক্রেতা ও পাইকারদের পদচারণায় মুখর লিচু গ্রাম মঙ্গলবাড়ীয়া।

এই সময়টাতে গ্রামে প্রবেশের মুখে চোখে পড়ে সারি সারি লিচু গাছে সিঁদুর রঙের থোকা থোকা লিচু। বাতাসের তালে, গাছের পাতার ফাঁকে দুলছে সিঁদুরে লাল লিচু।

প্রায় প্রতিটি বাড়ির আঙিনা, ঘরের পাশে এবং রাস্তার ধারে সারি সারি লিচু গাছ দেখেই বুঝা যায়, এটি মঙ্গলবাড়ীয়া গ্রাম। গ্রামের প্রায় সবার বাড়িতেই রয়েছে ৮/১০টি বা তার চেয়েও বেশি লিচু গাছ।

এ লিচুর ফলন প্রচুর ও কদর বেশি থাকায় এর চাষ এলাকার মানুষের ভাগ্য বদলে দিয়েছে। মঙ্গলবাড়ীয়াসহ আশপাশের পাঁচ শতাধিক পরিবারে লিচু চাষই জীবন-জীবিকার অন্যতম উপায়। তারা বংশ পরম্পরায় লিচু চাষের সঙ্গে যুক্ত। অন্যান্য ফসল উৎপাদনের পাশাপাশি লিচুর আবাদ করে এই গ্রামের মানুষ পেয়েছেন সচ্ছলতা, বদলে গেছে তাদের জীবন।

স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, প্রায় দুইশ’ বছর ধরে এখানে লিচুর আবাদ হচ্ছে। কারো মতে, সুদূর চীন থেকে এই গ্রামেরই এক পুলিশ কর্মকর্তা প্রথম এর বীজ নিয়ে আসেন। তার গাছের লিচু খেয়ে গ্রামের কয়েকজন শখের বশে এ লিচুর আবাদ করেছিলেন। পরে কলম পদ্ধতিতে সারা গ্রামে ছড়িয়ে পড়ে এ লিচুর আবাদ।

আবার কারো কারো মতে, গ্রামের মঙ্গল শাহ নামের এক ব্যক্তি ভারতের কোন এক স্থান থেকে লিচুর চারা এনে তার বাড়ির আঙিনায় রোপন করেন। সেখান থেকে অন্যান্য গ্রামবাসী গাছের শাখায় কলম করে লিচু চাষ সম্প্রসারণ করেন। এভাবে ধীরে ধীরে এলাকায় লিচু চাষের প্রসার ঘটে।

সুমিষ্ট ও উৎকৃষ্ট জাতের কারণে মঙ্গলবাড়ীয়ার লিচুর কদর ক্রমেই বাড়ছে। দূর-দূরান্তের সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীরা ছুটছেন সেখানে। গাছে ফুল আসার সাথে সাথেই বেপারি বা পাইকাররা লিচু বাগান কিনে নেন। আর লিচু পাকার পর তা চালান করে দেন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে।

মঙ্গলবাড়ীয়ার লিচু এখন দেশের বিভিন্ন শহর ও নগরে ছড়িয়ে পড়েছে। লিচুর মৌসুমে সৌখিন অনেকেই গাড়ি হাঁকিয়ে চলে যান মঙ্গলবাড়ীয়া গ্রামে লাল টুকটুকে লিচু সংগ্রহ করতে।

মঙ্গলবাড়ীয়া গ্রামে ৫০০-৬০০ চাষীর অন্তত আট থেকে নয় হাজার লিচুগাছ আছে। কোন কোন লিচুগাছ দুই থেকে আড়াই লাখ টাকায় পর্যন্ত বিক্রি হচ্ছে। এই মৌসুমে অন্তত ১০ কোটি টাকার লিচু বিক্রি হবে বলে চাষীরা ধারণা দিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 kishoreganjnews
Customized By Ayaz Host